যেভাবে বাংলাদেশকে নিয়ে বিশ্বকাপে আফগানিস্তান আর কোয়ালিফায়ারে উইন্ডিজ

আয়ারল্যান্ডকে তৃতীয় ওয়ানডেতে ৩ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে যাওয়ার পাশাপাশি বড় এক অর্জন নিশ্চিত করেছে আফগানিস্তান। এই জয়ের ফলে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিটও নিশ্চিত হয়েছে তাদের।

আফগানিস্তানের এই জয় বিশ্বকাপের সরাসরি বাছাইয়ের সমীকরণও পরিষ্কার করে দিয়েছে। ৩০ সেপ্টেম্বর কাট-অফ তারিখের পর ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল সরাসরি বিশ্বকাপের মূল পর্বে জায়গা পাবে। তবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা যদি সেই আট দলের মধ্যে থাকে, তাহলে র‍্যাঙ্কিংয়ের নবম দলও সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।

এই হিসাবেই বাংলাদেশের জন্য সুখবর এসেছে। বর্তমানে নবম অবস্থানে থাকা বাংলাদেশ সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। ফলে আগামী বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের সঙ্গে বাংলাদেশ সরাসরি অংশ নেবে।

অন্যদিকে একই সমীকরণে সবচেয়ে বড় ধাক্কাটা খেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। র‍্যাঙ্কিংয়ের দশম স্থানে থাকা ক্যারিবীয়দের হাতে কাট-অফের আগে ভারতের বিপক্ষে দুটি ওয়ানডে বাকি রয়েছে। তবে ওই দুই ম্যাচ জিতলেও বাংলাদেশকে পেরিয়ে নবম স্থানে ওঠার কোনো সুযোগ নেই তাদের।

অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজকে এবারও সরাসরি বিশ্বকাপের মূল পর্বে জায়গা পাওয়ার জন্য বাছাইপর্বের পথই বেছে নিতে হবে। এর মধ্য দিয়ে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ বাছাইপর্বে নামতে হবে ক্যারিবীয়দের।

ওয়েস্ট ইন্ডিজের জন্য বিষয়টি আরও হতাশার, কারণ ২০২৩ বিশ্বকাপেও সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি তারা। সেবার বাছাইপর্বে অংশ নিয়ে সুপার সিক্স পর্বে পঞ্চম অবস্থানে থেকে বিদায় নেয় দলটি। এর ফলে ইতিহাসে প্রথমবারের মতো কোনো ওয়ানডে বিশ্বকাপ দর্শক হয়ে দেখতে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে।

এবারও তাই মূল বিশ্বকাপে জায়গা করে নিতে তাদের সামনে কঠিন পথ অপেক্ষা করছে। আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় বাছাইপর্বে নিজেদের প্রমাণ করতে হবে ক্যারিবীয়দের।

বিশ্বকাপের বাছাইপর্বের ফলাফলও গুরুত্বপূর্ণ। বাছাইপর্বের চ্যাম্পিয়ন দল সরাসরি ২০২৭ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেবে। এরপর দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দল খেলবে ‘সুপার সিরিজ’ নামের পরবর্তী ধাপে।

সেই ত্রিদেশীয় পর্বের সেরা দলও বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ পাবে। অর্থাৎ বাছাইপর্বে সরাসরি চ্যাম্পিয়ন হতে না পারলেও বিশ্বকাপের দরজা পুরোপুরি বন্ধ হবে না। সুপার সিরিজ পেরিয়ে মূল পর্বে যাওয়ার আরেকটি সুযোগ থাকবে।

আফগানিস্তানের আয়ারল্যান্ডের বিপক্ষে জয় তাই শুধু একটি ওয়ানডে ম্যাচের ফল নয়; এর প্রভাব পড়েছে ২০২৭ বিশ্বকাপের সরাসরি বাছাইয়ের পুরো সমীকরণে। আর সেই সমীকরণেই আপাতত স্বস্তিতে বাংলাদেশ, অন্যদিকে আবারও বাছাইপর্বের কঠিন পথের সামনে ওয়েস্ট ইন্ডিজ।

এসকেডি/আইএন



from jagonews24.com | rss Feed https://ift.tt/aOUb4EJ
via IFTTT
Post a Comment (0)
Previous Post Next Post