মুনাফা বেড়েছে তিন বিমা কোম্পানির, কমেছে তিনটির 

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের ছয়টি কোম্পানি ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন) ও প্রথমার্ধের (জানুয়ারি-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এর মধ্যে তিনটি বিমা কোম্পানির মুনাফা বেড়েছে এবং তিনটির মুনাফা কমেছে।

কোম্পানিগুলোর দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার (২ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।

মুনাফা বেড়েছে এমন কোম্পানিগুলোর মধ্যে রিলায়েন্স ইন্স্যুরেন্সের জানুয়ারি-জুন সময়ে ইপিএস বেড়ে ৬ টাকা ৫২ পয়সা হয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৫ টাকা ৩৯ পয়সা। এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানিটির ইপিএস বেড়ে ৩ টাকা ৬৪ পয়সা হয়েছে, যা আগের বছর ছিল ৩ টাকা ১২ পয়সা। 

তবে জানুয়ারি-জুন সময়ে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ১৬ টাকা ৭৪ পয়সা থেকে কমে ৯ টাকা ৩৮ পয়সায় নেমে এসেছে। ৩০ জুন ২০২৬ শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) বেড়ে ৮৪ টাকা ৬৮ পয়সা হয়েছে, যা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর ছিল ৭৮ টাকা ৯৫ পয়সা। 

কোম্পানিটি জানিয়েছে, আন্ডাররাইটিং আয় ও বিনিয়োগ আয় বৃদ্ধির কারণে ইপিএস বেড়েছে। অন্যদিকে, পুনর্বীমা (রি-ইনস্যুরেন্স) ব্যয় ও দাবি (ক্লেইম) পরিশোধ বেড়ে যাওয়ায় পরিচালন নগদ প্রবাহ কমেছে। এছাড়া সংরক্ষিত মুনাফা এবং শেয়ারের ন্যায্যমূল্য বৃদ্ধির ফলে এনএভি বেড়েছে।

জনতা ইন্স্যুরেন্স

জনতা ইন্স্যুরেন্সের প্রথম ছয় মাসে ইপিএস বেড়ে ৮০ পয়সা হয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৭৪ পয়সা। তবে এনওসিএফপিএস ৬৪ পয়সা থেকে কমে ৩৪ পয়সা হয়েছে। ৩০ জুন ২০২৬ শেষে শেয়ারপ্রতি এনএভি বেড়ে ১৫ টাকা ৯৩ পয়সা হয়েছে, যা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর ছিল ১৫ টাকা ৭ পয়সা।

রিপাবলিক ইন্স্যুরেন্স

রিপাবলিক ইন্স্যুরেন্সের এপ্রিল-জুন প্রান্তিকে ইপিএস কমে ৫৪ পয়সা হয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৬৩ পয়সা। তবে জানুয়ারি-জুন সময়ে ইপিএস সামান্য বেড়ে ১ টাকা ৯ পয়সা হয়েছে, যা আগের বছর ছিল ১ টাকা ৭ পয়সা। 

এ সময় এনওসিএফপিএস ৩ পয়সা থেকে ঋণাত্মক ৩২ পয়সায় নেমে এসেছে। ৩০ জুন ২০২৬ শেষে কোম্পানিটির এনএভি বেড়ে ১৯ টাকা ৭৭ পয়সা হয়েছে, যা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর ছিল ১৯ টাকা ৭০ পয়সা।

গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স

অন্যদিকে, মুনাফা কমেছে এমন কোম্পানিগুলোর মধ্যে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের সমন্বিত ইপিএস এপ্রিল-জুন প্রান্তিকে ১ টাকা ৭৯ পয়সা থেকে বেড়ে ১ টাকা ৮৬ পয়সা হলেও জানুয়ারি-জুন সময়ে কমে ২ টাকা ৫৯ পয়সা হয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ২ টাকা ৮২ পয়সা।

সমন্বিত এনওসিএফপিএস ৫ টাকা ৫৯ পয়সা থেকে কমে ২ টাকা ২৪ পয়সায় নেমেছে। ৩০ জুন ২০২৬ শেষে সমন্বিত এনএভি বেড়ে ৭৫ টাকা ৮৩ পয়সা হয়েছে, যা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর ছিল ৭০ টাকা ৫৩ পয়সা। 

কোম্পানিটি জানিয়েছে, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে নিট দাবি (নেট ক্লেইম) বেড়ে যাওয়ায় পরিচালন নগদ প্রবাহ কমেছে।

মার্কেন্টাইল ইন্স্যুরেন্স

মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের এপ্রিল-জুন প্রান্তিকে ইপিএস ১১ পয়সা থেকে কমে ১০ পয়সা হয়েছে। জানুয়ারি-জুন সময়ে ইপিএস ৫৩ পয়সা থেকে কমে ৪৪ পয়সায় দাঁড়িয়েছে। 

একই সময়ে এনওসিএফপিএস ১২ পয়সা থেকে সামান্য কমে ১১ পয়সা হয়েছে। ৩০ জুন ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য বেড়ে ২২ টাকা ২১ পয়সা হয়েছে, যা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর ছিল ২১ টাকা ৭০ পয়সা।

ঢাকা ইন্স্যুরেন্স

ঢাকা ইন্স্যুরেন্সের এপ্রিল-জুন প্রান্তিকে ইপিএস ৭৩ পয়সা থেকে কমে ৬৭ পয়সা হয়েছে। জানুয়ারি-জুন সময়ে ইপিএস ১ টাকা ২৩ পয়সা থেকে কমে ১ টাকা ২০ পয়সায় নেমেছে। তবে পরিচালন নগদ প্রবাহের কিছুটা উন্নতি হয়েছে।

এ সময় এনওসিএফপিএস ঋণাত্মক ৫৪ পয়সা থেকে ঋণাত্মক ২০ পয়সায় উন্নীত হয়েছে। ৩০ জুন ২০২৬ শেষে পুনর্মূল্যায়নসহ শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৩৭ টাকা ৮৭ পয়সা, যা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর ছিল ৩৬ টাকা ৭০ পয়সা। আর পুনর্মূল্যায়ন ছাড়া শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য বেড়ে ২৭ টাকা ২৩ পয়সা হয়েছে, যা আগের বছরের শেষে ছিল ২৬ টাকা ৬ পয়সা।

এমএএস/এসএনআর



from jagonews24.com | rss Feed https://ift.tt/EPkQcKo
via IFTTT
Post a Comment (0)
Previous Post Next Post