চিকিৎসার জন্য বিদেশ যেতে পারবেন না অভিষেক ব্যানার্জী

আপাতত বিদেশে গিয়ে চিকিৎসা করাতে পারবেন না তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অভিষেক ব্যানার্জী। কারণ বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন কলকাতা হাইকোর্ট।

বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ জানিয়ে দেন, অভিষেক ব্যানার্জীর বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন থাকায় এই মুহূর্তে তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া সম্ভব নয়।

আদালত পর্যবেক্ষণে বলেন, চিকিৎসা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কোথায় চিকিৎসা হবে সেটি নয়। তাই বিদেশে না গিয়ে দেশের মধ্যেই চিকিৎসা করানোর পরামর্শ দেন বিচারপতি।

আদালতের নির্দেশ অনুযায়ী, কলকাতার এসএসকেএম (শেঠ সুখলাল কর্ণানী মেমোরিয়াল) হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করতে হবে। আগামী বৃহস্পতিবার দুপুর ২টার মধ্যে অভিষেক ব্যানার্জীকে তার চিকিৎসাসংক্রান্ত সব নথি ওই মেডিকেল বোর্ডের কাছে জমা দিতে হবে। এরপর আগামী শনিবার হাসপাতাল কর্তৃপক্ষ তাদের পর্যালোচনা প্রতিবেদন আদালতে দাখিল করবে। সেই প্রতিবেদনের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিচারপতি।

শুনানিতে অভিষেক ব্যানার্জীর আইনজীবী রেবেকা জন জানান, তার মক্কেল আগে যে বিদেশি হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন, সেখানেই আবার চিকিৎসা করাতে চান। তিনি এসএসকেএম হাসপাতালে চিকিৎসা করাতে আগ্রহী নন। তবে আদালত সেই আবেদন গ্রহণ না করে দেশের মধ্যেই চিকিৎসার নির্দেশ বহাল রাখেন।

আদালতের এই সিদ্ধান্তের পর পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেন, অভিষেক ব্যানার্জী দেশ ছেড়ে পালাতে চাইছেন। আদালত তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেয়নি এবং দেশেই চিকিৎসা করানোর নির্দেশ দিয়েছে।

এদিকে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও অভিষেক ব্যানার্জীকে আক্রমণ করে বলেন, তিনি কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করে এমন কোনো দেশে আশ্রয় নেওয়ার চেষ্টা করতে পারেন, যেখান থেকে প্রত্যর্পণ চুক্তি নেই। আদালতের সিদ্ধান্তে সেই সম্ভাবনা আপাতত বন্ধ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

২০১৬ সালের ১৯ আগস্ট মুর্শিদাবাদ থেকে কলকাতায় ফেরার পথে সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে একটি লরির সঙ্গে অভিষেক ব্যানার্জির গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ওই দুর্ঘটনায় তার বাঁ চোখের নিচের অরবিটাল হাড় ভেঙে যায় এবং গুরুতর আঘাত পান তিনি।

দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর প্রত্যাশিত ফল না পাওয়ায় চিকিৎসকদের পরামর্শে পরে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তার চিকিৎসা করানো হয়।

ডিডি/এমএসএম



from jagonews24.com | rss Feed https://ift.tt/PnCpykZ
via IFTTT
Post a Comment (0)
Previous Post Next Post