টিবি নিয়ন্ত্রণে জাপান-আইসিডিডিআর,বির যৌথ পদক্ষেপ

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)-এর ঢাকা হাসপাতাল ও বিভিন্ন ল্যাবরেটরি পরিদর্শন করেছেন বাংলাদেশে অবস্থিত জাপানি দূতাবাসের একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকাস্থ জাপানি দূতাবাসের প্রথম সচিব (অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা শাখা) তোরিনারি তাকেহিরোর নেতৃত্বে এই প্রতিনিধি দল আইসিডিডিআর,বি ভিজিট করে।

প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন জাপানি দূতাবাসের গ্রাস-রুট হিউম্যান সিকিউরিটি প্রজেক্টস অনুদানের কনসালটেন্ট খান নানামী, টয়োটা সুশো করপোরেশনের প্রধান প্রতিনিধি ইউজি ওয়াগাটা এবং প্রতিষ্ঠানটির সার্কুলার ইকোনমি অ্যান্ড গ্রিন ইনফ্রাস্ট্রাকচারের ইনচার্জ রাইহান শাফি।

আরও পড়ুন

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন আইসিডিডিআর,বি-র ড. ফিরদৌসী কাদরী

আইসিডিডিআর,বিতে পৌঁছালে অতিথিদের স্বাগত জানান সংক্রামক ব্যাধি বিভাগের (আইডিডি) জ্যেষ্ঠ বিজ্ঞানী ডা. সায়েরা বানু। তিনি প্রতিষ্ঠানটির জীবন রক্ষাকারী বিভিন্ন কার্যক্রম এবং বাংলাদেশে যক্ষ্মা (টিবি) নিয়ন্ত্রণে গৃহীত পদক্ষেপগুলোর একটি সংক্ষিপ্ত চিত্র তুলে ধরেন।

এছাড়া, ডা. শাহরিয়ার আহমেদ দেশে যক্ষ্মার সার্বিক পরিস্থিতি, আইসিডিডিআর,বির চলমান টিবি নিয়ন্ত্রণ উদ্যোগ এবং এই খাতের বিভিন্ন সহযোগিতা নিয়ে একটি উপস্থাপনা করেন।

পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা মিরপুরে একটি পোর্টেবল এক্স-রে ক্যাম্প পরিদর্শন করেন এবং সেখানে যক্ষ্মা স্ক্রিনিং কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করেন। পাশাপাশি তারা আইসিডিডিআর,বির ঢাকা হাসপাতাল ও পরীক্ষাগারগুলো ঘুরে দেখেন।

বৈঠক ও আলোচনায় যক্ষ্মা প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, গবেষণা ও উদ্ভাবন এবং সম্পদ সংগ্রহে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

আইসিডিডিআর,বির সঙ্গে জাপানের দীর্ঘদিনের অংশীদারত্ব রয়েছে। জাপানি বোর্ড সদস্য, বিজ্ঞানী, গবেষক এবং সহকর্মীদের নিরলস অবদানে এই সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে।

জনস্বাস্থ্য উন্নয়ন এবং মানুষের জীবনমানের উন্নয়নে জাপান এবং দেশটির জনগণের সঙ্গে এই দীর্ঘস্থায়ী অংশীদারত্বকে আরও একধাপ এগিয়ে নিতে এই ভিজিট একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

এসইউজে/এমআরএম



from jagonews24.com | rss Feed https://ift.tt/9Gm5Tl6
via IFTTT
Post a Comment (0)
Previous Post Next Post