মানবিক নজরুল ও নতুন প্রজন্মের সংযোগ

মো. আশিকুর রহমান

বাংলা সাহিত্যের ইতিহাসে কাজী নজরুল ইসলাম অবিস্মরণীয় নাম। তিনি একাধারে কবি, গীতিকার, সুরকার, ঔপন্যাসিক, নাট্যকার ও প্রবন্ধকার ছিলেন। তবে তাঁর সৃষ্টিশীলতার গভীরতর ভিত্তি ছিল মানবতাবাদ। নজরুলের সাহিত্য ও সংগীতের মূল সুরই মানবতা, সাম্য, প্রেম এবং শোষিত-বঞ্চিত মানুষের মুক্তি।

নজরুল ইসলাম ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সব মানুষের সমান অধিকার ও মর্যাদার কথা বলেছেন। তাঁর কবিতা, গান, গল্প, প্রবন্ধ ও উপন্যাসে এই মানবতাবাদী চেতনার স্বতঃস্ফূর্ত প্রতিফলন ঘটেছে। তিনি বিশ্বাস করতেন, মানুষের মাঝে বিভাজন নয়, সংহতি ও ভালোবাসাই শান্তির একমাত্র উপায়। তাঁর বিখ্যাত কবিতা ‘মানুষ’ (১৯২৯)-এ তিনি লিখেছেন:
‘গাহি সাম্যের গান–
যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান,
যেখানে মিশেছে হিন্দু-বৌদ্ধ-মুসলিম-খ্রিস্টান।’
এ কাব্যচরণে নজরুল কেবল স্বপ্ন দেখাননি বরং এক প্রতিবাদী স্বর হিসেবে সমাজের বিভাজনের বিরুদ্ধে দৃপ্ত কণ্ঠে উচ্চারণ করেছেন মানবতার বার্তা। তাঁর মানবতাবাদ নিছক তাত্ত্বিক বা সাহিত্যিক চেতনা নয় বরং তা ছিল নিপীড়িত, বঞ্চিত, শোষিত মানুষদের মুক্তির আহ্বান।

নজরুলের ‘বিদ্রোহী’, ‘কুলি-মজুর’, ‘দারিদ্র্য’ প্রভৃতি কবিতায় মানুষ-নির্ভর সমাজ গঠনের আহ্বান রয়েছে। তিনি বিশ্বাস করতেন, শ্রমজীবী মানুষ, কুলি, মজুর, কৃষক, নারী, শিশু—সবাই সমাজের সমান গুরুত্বপূর্ণ অংশ। এদের ব্যথা, বঞ্চনা ও স্বপ্নকেই তিনি নিজের কাব্যিক অস্তিত্বে ধারণ করেছেন। ‘বিদ্রোহী’ কবিতায় তিনি নিজেকে রূপায়িত করেছেন সংগ্রামী মানবসত্তা হিসেবে, যিনি সমস্ত শৃঙ্খল ভেঙে মানুষকে জাগাতে চান।

তাঁর গানে ছিল অসাম্প্রদায়িক ভাবনা—ইসলামি গান, শ্যামাসংগীত, ভজন, কীর্তন সব ক্ষেত্রেই তিনি ছিলেন সমান স্বচ্ছন্দ ও নিবেদিত। এই ধর্মীয় বহুত্ববাদ নজরুলের মানবতাবাদের অন্যতম দিক। যেমন তিনি লিখেছেন:
‘মোরা এক বৃন্তে দুই কুসুম হিন্দু-মুসলমান,
মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ।’
তাঁর ‘ধূমকেতু’ পত্রিকার বিভিন্ন সম্পাদকীয়তে হিন্দু-মুসলমান ঐক্য, শ্রমিক অধিকার, নারীর স্বাধীনতা এবং জাতপাত-বিরোধী বক্তব্য খুব স্পষ্টভাবে উঠে এসেছে। নজরুল বারবার বলেছেন, ‘মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে, নাই।’ এই ‘মানুষ’কে কেন্দ্র করেই তাঁর চিন্তা ও সৃষ্টির বিস্তার।

নজরুল নারীর স্বাধীনতা ও মর্যাদাকেও মানবতার অংশ হিসেবে দেখেছেন। তাঁর ‘নারী’ ভাবনায় নারীর উত্থান, সংগ্রাম, আত্মপরিচয় ও সমানাধিকারকে গুরুত্ব দেওয়া হয়েছে। ‘জাগো নারী জাগো বহ্নিশিখা’ কবিতায় তিনি নারীকে জাগরণের আগুনরূপে কল্পনা করেছেন। ‘নারী’ কবিতায় তিনি লিখেছিলেন:
‘বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর,
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।’

এ ছাড়া নজরুলের প্রবন্ধ ও উপন্যাসেও মানবতাবাদী দৃষ্টিভঙ্গি সুস্পষ্ট। ‘কুহেলিকা’ উপন্যাসে প্রেম ও রাজনৈতিক বোধের সমন্বয়ে সমাজের মুক্তির কথা এসেছে। তাঁর প্রবন্ধে বারবার উঠে এসেছে সংকীর্ণতা, সাম্প্রদায়িকতা, শোষণ, লিঙ্গ বৈষম্য ইত্যাদির বিরুদ্ধে প্রতিবাদ এবং মানুষের মধ্যে সংহতির আহ্বান। তিনি লিখেছেন:
‘এসো হিন্দু, এসো মুসলমান! এসো বৌদ্ধ, খ্রিস্টান! এসো বর্ণহীন চণ্ডাল! আমরা সবাই মানুষ—মানুষের জাত, মানুষের ধর্ম, মানুষের অধিকার, সেই এক মানুষ!’

নজরুল বিশ্বাস করতেন, জাতীয় ঐক্য ও মানবিক মূল্যবোধের ভিত্তিতেই উপমহাদেশে সত্যিকারের স্বাধীনতা অর্জন সম্ভব। তাই তিনি হিন্দু-মুসলমান ঐক্যের পক্ষে সাহসিকতার সঙ্গে লিখেছেন এবং উভয় সম্প্রদায়ের ধর্মান্ধদের সমালোচনার মুখেও মানবতাকে ধারণ করে গেছেন।

তাঁর এই মানবিক ও বহুমাত্রিক দর্শনের প্রভাব সমাজে দীর্ঘস্থায়ী হয়েছে। বরেণ্য শিল্পী সুজেয় শ্যাম বলেছেন, ‘নজরুল যে মানবতা বা জীবনবোধের কথা বলে গেছেন, তা যদি সবার মননে পৌঁছে দেওয়া যেত, তাহলে মানুষের মধ্যে এত অস্থিরতা, সহিংসতা দেখা যেত না।’

নজরুলের মানবতাবাদ শুধু সাহিত্যিক নৈপুণ্য নয় বরং সার্বজনীন সমাজ গঠনের সংগ্রামী চেতনা। বর্তমানে, যখন সারাবিশ্বে ধর্মীয় অসহিষ্ণুতা, সাম্প্রদায়িকতা, রাজনীতি ও বৈষম্য ক্রমবর্ধমান; তখন নজরুলের সাহিত্য আমাদের সত্যিকারের মানবতার পথ দেখাতে পারে।

নজরুলের মানবিক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হলে কেবল সাহিত্য পাঠে সীমাবদ্ধ থাকলেই হবে না বরং তাদের আগ্রহ, প্রযুক্তি ব্যবহারের প্রবণতা এবং সৃজনশীল জগতের সঙ্গে সংযোগ স্থাপন করে বহুমাত্রিক রূপরেখা তৈরি করতে হবে। নিচে কিছু কার্যকর ও পথনির্দেশমূলক উপায় দেওয়া হলো:

শিক্ষা কার্যক্রমে নজরুলের মানবতাবাদী দৃষ্টিভঙ্গি অন্তর্ভুক্ত

প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে নজরুলের লেখা থেকে এমন পাঠ নির্বাচন করতে হবে; যেখানে মানবতা, সাম্য ও প্রতিবাদী চেতনা স্পষ্ট। এতে পাঠ্যবইয়ের সঙ্গে সম্পূরক পাঠ, আলোচনা সেশন এবং শিক্ষকদের জন্য ট্রেনিং চালু করা যেতে পারে।

ডিজিটাল মাধ্যমে নজরুলের সাহিত্য ও সংগীত প্রচার

তরুণরা যেহেতু এখন অনলাইনে বেশি সময় কাটায়, তাই নজরুলের গান, কবিতা ও প্রবন্ধকে টিকটক, ইনস্টাগ্রাম রিলস, ইউটিউব শর্টস বা পডকাস্ট আকারে উপস্থাপন করতে হবে। সংক্ষিপ্ত অথচ তাৎপর্যময় কনটেন্ট তৈরি করলে নজরুল তরুণদের কাছে আরও সহজে পৌঁছে যাবেন।

নজরুল চেতনার ওপর ওয়ার্কশপ ও সেমিনার

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নজরুলের ভাবনাকে কেন্দ্র করে ইন্টারেক্টিভ কর্মশালা, বিতর্ক প্রতিযোগিতা, নাটক ও সৃজনশীল রচনার আয়োজন করা যেতে পারে, যেখানে তরুণরা কেবল শ্রোতা নয়, অংশগ্রহণকারীও হবেন।

গান-কবিতাকে সমসাময়িক সুরে উপস্থাপন

আধুনিক মিউজিক অ্যারেঞ্জমেন্টে নজরুলসংগীত রিমিক্স বা ফিউশন আকারে তুলে ধরলে তরুণ শ্রোতারা নতুনভাবে আবিষ্কার করতে পারবেন তাঁর গান। তবে এর সঙ্গে মূল বার্তাটির সম্মান ও স্পষ্টতা বজায় রাখা জরুরি।

কমিক, গ্রাফিক নভেল ও অ্যানিমেশনে জীবনী

নজরুলের জীবন ও দর্শনের কাহিনি শিশু-কিশোরদের উপযোগী করে উপস্থাপন করতে পারলে তারা ছোটবেলা থেকেই তাঁর চিন্তার সঙ্গে পরিচিত হবে। গল্প, মিথ, হাস্যরস ও অনুপ্রেরণার মাধ্যমে নজরুলকে তাদের নায়ক করে তোলা সম্ভব।

নজরুল বিষয়ক সাহিত্য প্রতিযোগিতা ও স্কলারশিপ

নজরুলচিন্তা ভিত্তিক প্রতিযোগিতা, যেমন- রচনা, আবৃত্তি, নাট্যাভিনয় ইত্যাদি আয়োজন করে বিজয়ীদের জন্য শিক্ষা বৃত্তি বা প্রশিক্ষণ প্রোগ্রাম চালু করা যেতে পারে। এতে উৎসাহ ও স্বীকৃতি মিলবে।

নজরুল উৎসব ও সাংস্কৃতিক আয়োজন

স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নজরুল উৎসব আয়োজন করা যেতে পারে, যেখানে কনসার্ট, নাটক, বক্তৃতা, বইমেলা ইত্যাদির মাধ্যমে তাঁর মানবতা, সাহিত্য ও সংগীত তরুণদের কাছে পৌঁছে দেওয়া হবে। বিদেশি তরুণদের জন্য অনুবাদসহ অনুষ্ঠানও হতে পারে।

‘নজরুল ক্লাব’ প্রতিষ্ঠা করা

স্কুল-কলেজে নজরুলচিন্তা বিষয়ক ক্লাব গঠন করে সদস্যদের মধ্যে নিয়মিত পাঠচক্র, সৃজনশীল লেখা, মঞ্চনাটক ও সমাজসেবামূলক কাজ করানো যেতে পারে। যা তাদের মধ্যে নজরুলের মানবিক ও সংগ্রামী চিন্তা প্রতিষ্ঠায় সহায়ক হবে।

গবেষণাভিত্তিক ও মাল্টিমিডিয়া প্রজেক্ট

বিশ্ববিদ্যালয় পর্যায়ে তরুণদের দিয়ে নজরুলের দর্শন ও সাহিত্যকে ঘিরে তথ্যচিত্র, ব্লগ, ওয়েবসাইট, মোবাইল অ্যাপস তৈরির উদ্যোগ নেওয়া যেতে পারে। এতে তারা গবেষণা ও প্রযুক্তির সহাবস্থানে নজরুলকে চিনবেন।

নজরুলের মানবতাবাদী দর্শন শুধু অতীতের নয়, বর্তমান ও ভবিষ্যতের পথপ্রদর্শকও বটে। আমাদের দায়িত্ব হচ্ছে এই বহুমাত্রিক নজরুলকে নতুন প্রজন্মের হৃদয়ে পৌঁছে দেওয়া—তাদের ভাষায়, তাদের মাধ্যমেই। সাহিত্য, প্রযুক্তি, সংস্কৃতি ও শিক্ষার সমন্বয়ে যদি আমরা নজরুলের মানবিক বোধকে তরুণদের জীবনের অংশ করে তুলতে পারি। তাহলে একটি ন্যায়ভিত্তিক, সাম্যবাদী ও সহনশীল সমাজ গঠনের পথে বাস্তব পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। নতুন প্রজন্মের চিন্তা ও সৃজনশীলতার সঙ্গে নজরুলের চেতনার এই সংযোগই হবে মানবতার পথে আমাদের অগ্রযাত্রার অন্যতম মূল শক্তি।

লেখক: নজরুল গবেষক ও সাবেক শিক্ষার্থী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।

এসইউ



from jagonews24.com | rss Feed https://ift.tt/CwHIfyv
via IFTTT
Post a Comment (0)
Previous Post Next Post