মাদক মামলায় কারাগারে থাকা অবস্থায় ক্যানসার শনাক্ত হওয়া এক বন্দির চিকিৎসা নিশ্চিতে মানবিক উদ্যোগ নিয়েছে কারা কর্তৃপক্ষ। উন্নত চিকিৎসার সুযোগ করে দিতে আদালতের মাধ্যমে তার জামিনের ব্যবস্থা করা হয়েছে।
শনিবার (১৫ মে) কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) জান্নাত-উল-ফরহাদ এ তথ্য জানান। অসুস্থ বন্দির নাম মো. আশরাফুল খাঁ। তিনি পাবনা সদরের শালগড়িয়া গ্রামের বাসিন্দা।
জান্নাত-উল-ফরহাদ বলেন, আশরাফুল মাদক মামলায় ২০২২ সালের ২৩ নভেম্বর পাবনা জেলা কারাগারে আসেন। কারাগারে আসার আগে থেকেই তিনি অসুস্থ ছিলেন। পরে জেলা কারাগারের মাধ্যমে বিভিন্ন ধরনের চিকিৎসা নেওয়ার একপর্যায়ে জানা যায়, তিনি হাড়ের ক্যানসারে আক্রান্ত।
পরে আশরাফুলের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সেখানে তার চিকিৎসা চলমান থাকলেও ক্যানসারের মতো ব্যয়বহুল, স্পর্শকাতর ও দীর্ঘমেয়াদি চিকিৎসা কারাগারে থেকে যথাযথভাবে নেওয়া তার পক্ষে সম্ভব হচ্ছিল না।
এ অবস্থায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন। পাবনা জেলা কারাগারের জেল সুপারের সঙ্গে পরামর্শক্রমে বিষয়টি সংশ্লিষ্ট আদালতের নজরে আনা হয়। পরে আদালতের মাধ্যমে ওই বন্দির জামিনের ব্যবস্থা করা হয়, যাতে তিনি বাইরে থেকে প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারেন।
কারা কর্মকর্তারা জানান, অসুস্থ বন্দিদের চিকিৎসা নিশ্চিতে কারা প্রশাসন নিয়মিত কাজ করে যাচ্ছে এবং মানবিক বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
টিটি/একিউএফ
from jagonews24.com | rss Feed https://ift.tt/J2nxuNv
via IFTTT