ক্যারিয়ারের শীর্ষে থেকেও কেন হারিয়ে গেলেন অনুশকা

একসময় বলিউডের অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় অভিনেত্রী ছিলেন অনুশকা শর্মা। একের পর এক সফল সিনেমা, বড় বড় তারকার সঙ্গে কাজ আর অভিনয় দক্ষতায় নিজের আলাদা অবস্থান তৈরি করেছিলেন তিনি। অথচ সেই অনুশকাকেই গত কয়েক বছর ধরে বড়পর্দায় দেখা যাচ্ছে না। ফলে অনুরাগীদের মনে এখন একটাই প্রশ্ন-ক্যারিয়ারের শীর্ষে থেকেও কেন অভিনয় থেকে দূরে সরে গেলেন এই অভিনেত্রী?

২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘জিরো’ সিনেমায় শেষবার অভিনয় করেছিলেন অনুশকা। এরপর দীর্ঘ সময় কেটে গেলেও নতুন কোনো সিনেমায় তাকে দেখা যায়নি। যদিও মাঝেমধ্যে বিজ্ঞাপন কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে উপস্থিতি নজরে আসে, তবে অভিনয়ে ফেরার বিষয়ে এখনো স্পষ্ট কোনো ঘোষণা দেননি তিনি।

২০১৭ সালে ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলির সঙ্গে বিয়ের পর থেকেই অনুষ্কার ব্যক্তিগত জীবন বেশি আলোচনায় আসে। পরে ২০২১ সালে কন্যাসন্তান ভামিকা এবং ২০২৪ সালে ছেলে অকায়ের জন্মের পর পরিবারকেই বেশি সময় দিতে শুরু করেন এই অভিনেত্রী। বর্তমানে লন্ডনে পরিবার নিয়ে শান্ত জীবন কাটাচ্ছেন বলেও জানা গেছে।

ভারতের গণমাধ্যমের খবর, অতিরিক্ত প্রচারমাধ্যমের চাপ থেকে সন্তানদের দূরে রাখতেই বিদেশে বসবাসের সিদ্ধান্ত নিয়েছেন বিরাট-অনুশকা। আর সে কারণেই হয়তো অভিনয় থেকেও নিজেকে কিছুটা গুটিয়ে নিয়েছেন অভিনেত্রী।

তবে অভিনয় থেকে দূরে থাকার ইঙ্গিত অনেক আগেই দিয়েছিলেন অনুশকা। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, বিয়ে ও সন্তান তার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকি বিয়ের পর কাজ কমিয়ে দেওয়ার ইচ্ছার কথাও প্রকাশ করেছিলেন তিনি। আজকের বাস্তবতায় সেই কথাগুলোই যেন সত্যি হয়ে উঠেছে।

এদিকে অনুশার অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘চাকদহ এক্সপ্রেস’ নিয়েও রয়েছে ধোঁয়াশা। ভারতীয় নারী ক্রিকেটার ঝুলন গোস্বামীর জীবনী নিয়ে নির্মিত এই সিনেমার শুটিং শেষ হয়েছিল ২০২২ সালেই। কিন্তু এখনো মুক্তি পায়নি সিনেমাটি।

বলিউডের গুঞ্জন- সিনেমাটির বাজেট নির্ধারিত সীমা ছাড়িয়ে যাওয়ায় জটিলতা তৈরি হয়েছে। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মের পক্ষ থেকেও চূড়ান্ত সংস্করণ নিয়ে অসন্তোষ ছিল বলে শোনা যায়। যদিও সংশ্লিষ্টদের দাবি, সিনেমাটি মানসম্মতভাবেই নির্মাণ করা হয়েছে। তবে নানা আইনি ও প্রযুক্তিগত জটিলতার কারণেই মুক্তি পিছিয়ে যাচ্ছে।

আরও পড়ুন:
কান চলচ্চিত্র উৎসবে আলিয়ার ঝলক 
নোরার নতুন ভিডিও ঘিরে সমালোচনার ঝড় 

অনুশকার ভক্তরা এখনো আশায় আছেন, একদিন হয়তো আবারও বড়পর্দায় ফিরবেন তাদের প্রিয় অভিনেত্রী। তবে আপাতত পরিবার, সন্তান আর ব্যক্তিগত জীবন নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি। ফলে তার প্রত্যাবর্তন এখন পুরোপুরি নির্ভর করছে ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর।

এমএমএফ



from jagonews24.com | rss Feed https://ift.tt/Gqou9ln
via IFTTT
Post a Comment (0)
Previous Post Next Post