বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহকে ঘিরে দর্শকের আবেগ এখনো কমেনি। অভিনয়, স্টাইল ও রোমান্টিক উপস্থিতি দিয়ে নব্বইয়ের দশকে যে জনপ্রিয়তা তিনি পেয়েছিলেন, তা আজও ভক্তদের মনে অমলিন। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তার আকস্মিক মৃত্যু পুরো দেশকে শোকস্তব্ধ করেছিল।
সালমান শাহর মৃত্যুর পর তাকে ঘিরে ভক্তদের আবেগ ও উন্মাদনার নানা গল্প সামনে আসে। সেই সময়ের এমনই এক অন্ধ ভক্তের গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমা ‘লাভ ৯৬’। প্রিয় নায়ক সালমান শাহকে শ্রদ্ধা জানিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন ইভান মল্লিক।
আজ (৪ সেপ্টেম্বর) শুক্রবার দেশের ২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘লাভ ৯৬’। সিনেমাটির গল্পে উঠে এসেছে সালমান শাহকে ঘিরে নব্বইয়ের দশকের ভক্তদের আবেগ ও ভালোবাসার একটি বিশেষ অধ্যায়।
নির্মাতা ইভান মল্লিক জানান, ছোটবেলায় প্রেক্ষাগৃহে সালমান শাহর সিনেমা দেখেই তার প্রতি ভালো লাগা তৈরি হয়। ১৯৯৬ সালে টেলিভিশনে সালমান শাহর মৃত্যুর খবর দেখে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। পরে সালমান শাহর ভক্তদের আবেগের নানা গল্প তাকে গভীরভাবে নাড়া দেয়।
ইভান মল্লিক বলেন, ‘আমি যখন প্রাইমারিতে পড়ি, সে সময় প্রথম প্রেক্ষাগৃহে সালমান শাহর সিনেমা দেখি। ১৯৯৬ সালে যখন টিভিতে সালমান শাহর মৃত্যুর সংবাদ পাই, সেই বয়সেই আমি খবরটা নিতে পারিনি। নানা দিক থেকে শুনেছি, সালমানের মৃত্যুর খবর শুনে কেউ কেউ আত্মহননের পথ বেছে নিয়েছে। খবরগুলো আমাকে ভীষণভাবে নাড়া দেয়।’
তিনি আরও বলেন, ‘বয়স যত বেড়েছে, সালমান শাহ আমার আরও প্রিয় হয়ে উঠেছেন। ২০০৮ সালে সিদ্ধান্ত নিই, সালমানভক্তদের উৎসর্গ করে সিনেমা বানাব। আমার বিশ্বাস, নব্বইয়ের দশকের মানুষেরা এই সিনেমার গল্পের সঙ্গে সহজেই কানেক্ট করতে পারবেন।’
‘লাভ ৯৬’-এ জুটি বেঁধেছেন আরিয়ান খান ও পূর্ণতা। এটি দুজনেরই প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা। সিনেমায় তাদের চরিত্রের নাম খসরু ও দুলি। নির্মাতা জানিয়েছেন, সালমান শাহ ও শাবনূর অভিনীত শিবলী সাদিকের ‘আনন্দ অশ্রু’ সিনেমা থেকে চরিত্র দুটির নাম নেওয়া হয়েছে।
আরিয়ান খান ও পূর্ণতা ছাড়াও ‘লাভ ৯৬’ সিনেমায় অভিনয় করেছেন শিবা সানু, সানজিদা মিলা, তমাল মাহবুব, রেবেকা রউফ, আরমান খান, প্রিয়া, ডিজে সোহেল, রুবেল রানা, সীমান্ত খন্দকারসহ আরও অনেকে।
সালমান শাহর মৃত্যুর তিন দশক পরও তাকে ঘিরে দর্শকের আগ্রহ ও আবেগ রয়েছে। সেই আবেগকে পর্দায় নতুন গল্পের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে ‘লাভ ৯৬’-এ।
এমআই/জেআইএম
from jagonews24.com | rss Feed https://ift.tt/YwQFevo
via IFTTT