ফেলে না দিয়ে ত্বকের যত্নে ব্যবহার করুন ফলের খোসা

আমরা প্রতিদিন নানা ধরনের ফল খেয়ে থাকি, আর খাওয়ার পর স্বাভাবিকভাবেই তার খোসা ফেলে দিই। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই অপ্রয়োজনীয় খোসাতে লুকিয়ে আছে ত্বকের যত্নের অসাধারণ সব উপাদান। প্রাকৃতিক সৌন্দর্যচর্চার জগতে ফলের খোসার ব্যবহার বহুদিন ধরেই প্রচলিত, যা এখন আধুনিক স্কিনকেয়ারেও নতুন করে গুরুত্ব পাচ্ছে।

গবেষণায় দেখা গেছে, অনেক ফলের বাইরের স্তরে ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও এনজাইমের উচ্চ উপস্থিতি থাকে। এসব উপাদান ত্বকের উজ্জ্বলতা বাড়াতে, আর্দ্রতা ধরে রাখতে এবং ক্লান্ত ত্বককে সতেজ করতে সাহায্য করে। তাই ফলের খোসা হতে পারে সহজ, প্রাকৃতিক ও সাশ্রয়ী সৌন্দর্যচর্চার একটি দারুণ মাধ্যম।

আমের খোসা

আমের খোসাও ত্বকের যত্নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এতে থাকে ভিটামিন এ, সি এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ ও ট্যান হালকা করতে আমের খোসা ঘরোয়া ফেসপ্যাক হিসেবে ব্যবহার করা হয়। কাঁচা আমের খোসা শুকিয়ে গুঁড়া করে দই বা মধুর সঙ্গে মিশিয়ে ব্যবহার করলে ত্বক আরও পরিষ্কার ও সতেজ অনুভূত হয়। তবে লেবুর মতোই এতে কিছু অ্যাসিডিক উপাদান থাকায় সংবেদনশীল ত্বকে সতর্কতা প্রয়োজন।

jago

কমলার খোসা

কমলার রসালো অংশ যেমন উপকারী, তেমনি এর খোসাও পুষ্টিগুণে ভরপুর। ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ কমলার খোসা দীর্ঘদিন ধরেই ঘরোয়া রূপচর্চায় ব্যবহৃত হচ্ছে। শুকিয়ে গুঁড়া করে এটি ফেসপ্যাকে মিশিয়ে ব্যবহার করলে ত্বকের মলিনতা কমে, অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে থাকে এবং মুখে প্রাকৃতিক উজ্জ্বলতা আসে।

অ্যাভোকাডোর খোসা

ত্বকের যত্নে অ্যাভোকাডো খুবই জনপ্রিয়, তবে এর খোসাও কম গুরুত্বপূর্ণ নয়। এতে ভিটামিন বি, ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা ত্বককে নরম ও কোমল করতে সাহায্য করে। শুষ্ক ত্বকের জন্য এর ভেতরের নরম অংশ অনেকেই সরাসরি ব্যবহার করেন, যা প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে।

ডালিমের খোসা

ডালিমের দানা যেমন পুষ্টিকর, তেমনি এর খোসাও অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ। এটি ত্বককে দূষণ ও ফ্রি র‍্যাডিক্যালের ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে। বিশেষ করে ব্রণপ্রবণ ত্বকের জন্য ডালিমের খোসা প্রাকৃতিক উপকারিতা দিতে পারে বলে অনেকেই মনে করেন।

আপেলের খোসা

স্বাস্থ্যের জন্য যেমন আপেল পরিচিত, তেমনি সৌন্দর্যচর্চাতেও এর খোসার ভূমিকা গুরুত্বপূর্ণ। এতে ভিটামিন এ, সি ও কপার থাকে, যা কোলাজেন উৎপাদনে সহায়তা করে। ফলে ত্বক হয়ে ওঠে আরও মসৃণ, টানটান ও উজ্জ্বল।

আরও পড়ুন

গরমে মুখ ধোয়ার যেসব ভুলে বাড়ছে ব্রণ

লেবুর খোসা

লেবুর খোসা ভিটামিন সি ও খনিজে ভরপুর, যা ত্বককে সতেজ রাখতে সাহায্য করে। তৈলাক্ত ত্বকের জন্য এটি বিশেষ উপকারী হতে পারে। তবে এর অ্যাসিডিক প্রকৃতির কারণে সংবেদনশীল ত্বকে জ্বালাপোড়া হতে পারে, তাই ব্যবহারের আগে অবশ্যই প্যাচ টেস্ট করা জরুরি।

কলার খোসা

সোশ্যাল মিডিয়ায় কলার খোসা দিয়ে ত্বক ঘষার ট্রেন্ড দেখা যায়। এতে কিছু ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকলেও এর উপকারিতা নিয়ে বৈজ্ঞানিক প্রমাণ সীমিত। অনেকেই এটি ব্যবহার করে সাময়িক কোমলতা অনুভব করেন, তবে সতর্কতা প্রয়োজন।

পেঁপের খোসা

পেঁপের খোসায় থাকা প্যাপেইন এনজাইম মৃত কোষ দূর করতে সাহায্য করে। ফলে ত্বক আরও উজ্জ্বল ও মসৃণ দেখায়। আধুনিক এক্সফোলিয়েটিং পণ্যের অনেকটাই এই প্রাকৃতিক উপাদান থেকে অনুপ্রাণিত।

আরও পড়ুন

যেভাবে সিরাম ব্যবহার করলে পাবেন গ্লাস স্কিন

সতর্কতা ও সচেতনতা

যদিও ফলের খোসা প্রাকৃতিক, তবে এটি সবার জন্য সমানভাবে নিরাপদ নয়। খোসায় ধুলা, ময়লা বা কীটনাশকের অবশিষ্ট থাকতে পারে। তাই ব্যবহারের আগে ভালোভাবে পরিষ্কার করা অত্যন্ত জরুরি।

যাদের ত্বক সংবেদনশীল বা অ্যালার্জিপ্রবণ, তাদের ক্ষেত্রে আরও বেশি সতর্কতা প্রয়োজন। নতুন কোনো উপাদান ব্যবহারের আগে ত্বকের ছোট একটি অংশে পরীক্ষা করে নেওয়া সবচেয়ে নিরাপদ পদ্ধতি।

সৌন্দর্যচর্চায় আমরা প্রায়ই ব্যয়বহুল প্রসাধনীর দিকে ঝুঁকি, অথচ অনেক সহজ সমাধান আমাদের হাতের কাছেই থাকে। ফলের খোসাও তেমনই একটি প্রাকৃতিক উপহার, যা সঠিকভাবে ব্যবহার করলে ত্বকের যত্নে সহায়ক হতে পারে।

সূত্র: এনটিভি, হেলথ শটস, বি বিউটিফুল

এসএকেওয়াই



from jagonews24.com | rss Feed https://ift.tt/YB7iFDO
via IFTTT
Post a Comment (0)
Previous Post Next Post