মালয়েশিয়ায় ডিজিটাল নিয়োগ প্ল্যাটফর্ম স্থগিতের দাবি

বেসরকারি কর্মসংস্থান সংস্থাগুলোর প্রতিনিধিত্বকারী তিনটি সংগঠন সরকারকে অভিবাসী শ্রমিকদের জন্য প্রস্তাবিত একটি সর্বজনীন ডিজিটাল নিয়োগ প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনা স্থগিত করার আহ্বান জানিয়েছে। তারা বলেছে, এ বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে বিস্তৃত আলোচনা না হওয়া পর্যন্ত এই উদ্যোগ নেওয়া উচিত নয়।

এই তিনটি সংগঠন হলো, অ্যাসোসিয়েশন অব এমপ্লয়মেন্ট এজেন্সিজ মালয়েশিয়া, মালয়েশিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব এমপ্লয়মেন্ট এজেন্সিজ, ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব হিউম্যান রিসোর্সেস।

সংগঠনগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে অনুরোধ জানিয়েছে, স্টেকহোল্ডারদের সঙ্গে পূর্ণাঙ্গ পরামর্শ ছাড়া প্রস্তাবিত প্ল্যাটফর্মকে সমর্থন না করতে।

এই সংগঠনগুলো ১৯৮১ সালের প্রাইভেট এমপ্লয়মেন্ট এজেন্সিজ আইনের আওতায় নিয়ন্ত্রিত লাইসেন্সপ্রাপ্ত বেসরকারি নিয়োগ সংস্থাগুলোর প্রতিনিধিত্ব করে।

সংগঠনগুলোর আশঙ্কা, নতুন এই ব্যবস্থায় লাইসেন্সপ্রাপ্ত এজেন্টদের নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হতে পারে, যা ব্যয়ের দিক থেকেও নেতিবাচক প্রভাব ফেলবে।

তাদের মতে, এজেন্সিগুলোর ভূমিকা বাতিল করা হলে অনেক প্রতিষ্ঠানের আর্থিক সংকট দেখা দেবে। কারণ এসব প্রতিষ্ঠানের বেশিরভাগই ১৯৮০ ও ১৯৯০-এর দশকে গড়ে ওঠা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ।

সংগঠনগুলো জানিয়েছে, তারা ধীরে ধীরে একটি নৈতিক নিয়োগ ব্যবস্থা (এথিক্যাল রিক্রুটমেন্ট মোড) বাস্তবায়নের পক্ষে, যা সম্পূর্ণভাবে কার্যকর হতে ১০ থেকে ১৫ বছর সময় লাগতে পারে।

সোমবার ১৩ এপ্রিল, যৌথ বিবৃতিতে তারা বলেছে, নিয়োগের অজুহাতে যথাযথ পরামর্শ ছাড়া দ্রুত এই ডিজিটাল প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ নেওয়া দুঃখজনক।

তারা আরও উল্লেখ করেছে, মালয়েশিয়ার বিদেশি শ্রমিক নিয়োগ প্রক্রিয়ায় অপ্রয়োজনীয় স্তর কমানোর প্রয়োজন থাকলেও, বর্তমান কার্যকর আইনব্যবস্থায় ফিরে যাওয়ার পরামর্শই তারা জোরালোভাবে দিচ্ছে।

এছাড়া, সংগঠনগুলো জানিয়েছে, তারা গত ৮ এপ্রিল বিভিন্ন মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাবের বিরোধিতা করেছে।

এমআরএম



from jagonews24.com | rss Feed https://ift.tt/VFJAdSU
via IFTTT
Post a Comment (0)
Previous Post Next Post