রাষ্ট্রীয় বড় প্রতিষ্ঠানগুলোর ফরেনসিক অডিট এখন অত্যন্ত জরুরি

দেশের অর্থনীতির সঠিক চিত্র তুলে ধরতে রাষ্ট্রীয় বড় প্রতিষ্ঠানগুলোর ফরেনসিক অডিট এখন অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ।

তিনি বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দেশকে যে পরিস্থিতিতে পেয়েছে, সেটি সঠিকভাবে মূল্যায়ন করা জরুরি। অর্থনীতির প্রকৃত আকার ও বাস্তব অবস্থা নিয়েও খোঁজ রাখতে হবে। দেশের কর-জিডিপি অনুপাত প্রায় ৬ থেকে ৬.৫ শতাংশ বলা হলেও বাস্তবে জনগণ নানা পর্যায়ে কর দিচ্ছে। ফলে এই পরিসংখ্যান বাস্তব নাকি অতিরঞ্জিত—তা খতিয়ে দেখা প্রয়োজন।

সোমবার (৯ মার্চ) বিকেলে রাজধানীর গুলশানের কার্যালয়ে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) আয়োজিত ‘নতুন সরকারের চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. মাসরুর রিয়াজ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দেওয়ান হানিফ মাহমুদ বলেন, দীর্ঘ সময় ধরে বেসরকারি খাতের কণ্ঠস্বর জাতীয় পর্যায়ে যথেষ্ট গুরুত্ব পায়নি। এর ফলে নীতি নির্ধারণে প্রাইভেট সেক্টরের বাস্তব অভিজ্ঞতা ও সমস্যাগুলো অনেক ক্ষেত্রে প্রতিফলিত হয়নি, যার প্রভাব বিনিয়োগ ও অর্থনীতির ওপর পড়েছে।

আরও পড়ুন
১০০ দিনের কর্মপরিকল্পনায় অর্থনৈতিক স্থিতিশীলতাকে প্রাধান্য দিতে হবে
দুর্নীতির চেয়েও হয়রানি অনেক সময় বেশি ক্ষতিকর: হোসেন জিল্লুর রহমান

বণিক বার্তার সম্পাদক বলেন, রাষ্ট্রীয় বড় প্রতিষ্ঠানগুলোর ফরেনসিক অডিট এখন অত্যন্ত জরুরি। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন, পেট্রোবাংলা, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক ও জনতা ব্যাংকের মতো প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক অবস্থা জানার প্রয়োজন রয়েছে। তার ভাষায়, রাষ্ট্রীয় সেবার মান নিশ্চিত করতে হলে আগে জানতে হবে এসব প্রতিষ্ঠানের প্রকৃত অবস্থা কী।

দেওয়ান হানিফ মাহমুদ বলেন, বিশ্ব রাজনীতির অনিশ্চয়তা এবং সম্ভাব্য সংঘাতের প্রেক্ষাপটে খাদ্য, জ্বালানি ও সার নিরাপত্তা নিশ্চিত করা এখন গুরুত্বপূর্ণ। কারণ সংকটকালে আন্তর্জাতিক বাজার থেকে প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করা কঠিন হয়ে যেতে পারে।

ইএইচটি/এমএমএআর



from jagonews24.com | rss Feed https://ift.tt/MJQsP7g
via IFTTT
Post a Comment (0)
Previous Post Next Post