মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টর্চলাইট জ্বেলে সংঘর্ষে জড়িয়েছে দুই গ্রুপের লোকজন। এসময় উভয় পক্ষ শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটায়। এতে দুইজন আহত হয়েছেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ৯টা থেকে ১টা পর্যন্ত টানা চার ঘণ্টা মাদারীপুর সদর উপজেলার ‘নতুন মাদারীপুর’ গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ, স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার ‘নতুন মাদারীপুর’ এলাকার স্থানীয় আক্তার হাওলাদার ও হাসান মুন্সির মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। বিরোধকে কেন্দ্র করে দুই গ্রুপ একাধিকবার সংঘর্ষে জড়ায়। এরই জেরে শনিবার রাত ৯টা থেকে ১টা পর্যন্ত টানা ৪ ঘণ্টা দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলে। এসময় উভয়পক্ষ শতাধিক হাতবোমা বিস্ফোরণ ঘটায়। সংঘর্ষে আহত হয় ২ জন।

এদিকে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাশের এলাকাতেও বোমার শব্দে আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।
স্থানীয় মো. সুমন বলেন, আমাদের এই এলাকায় দীর্ঘদিন ধরে স্থানীয় আক্তার হাওলাদার ও হাসান মুন্সির মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ লেগেই আছে। মাঝেমধ্যেই এই ঘটনা ঘটে। গতকাল রাতেও দুই গ্রুপ শতাধিক হাতবোমা বিস্ফোরণ করে। এতে করে সাধারণ মানুষদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। আমরাও ভয়ের মধ্যে থাকি।

ঘটনার পর অভিযুক্তরা বাড়িতে না থাকায় ও তাদের মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মূলত এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষে জড়ায় দুইপক্ষ। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আয়শা সিদ্দিকা আকাশী/এফএ/জেআইএম
from jagonews24.com | rss Feed https://ift.tt/Ne0rUO2
via IFTTT